ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা: ১০ জন নিহত
ছবিঃ সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত একটি বিমান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটেছে।


বিধ্বস্ত বিমানটি একটি এটিআর ৪২-৫০০ টারবোপ্রপ জেট উড়োজাহাজ, যা মাঝারি আকারের। উদ্ধারকৃতদের মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী রয়েছেন।


এএফপি জানিয়েছে, উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্ট (IAT) কর্তৃক পরিচালিত হচ্ছিল। গত ২৮ জানুয়ারি, রোববার, দুপুরের দিকে বিমানটি রাজধানী জাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির মৎসম্পদ জরিপ করতে তিন জন মৎসম্পদ কর্মকর্তাকে নিয়ে রওনা হয়। তবে রওনা হওয়ার কয়েক মিনিট পর, দুপুর ১:৩০ মিনিটে IAT-এর মূল দপ্তরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানিয়েছেন, বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে অনুসন্ধান চালানো হয়। পরে আজ শুক্রবার সকালে মারোস এলাকার বুরুসারাউং পবর্তের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। উক্ত স্থান থেকে রাজধানী জাকার্তার দূরত্ব প্রায় ১,৫০০ কিলোমিটার।


ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।