আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় জামায়াত, মিরপুরে জনসমাবেশ
ছবিঃ সংগৃহীত

দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে এক বিশাল জনসমাবেশের মাধ্যমে এই প্রচারণা শুরু করে দলটি।


বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের উদ্যোগে এই জনসমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে প্রার্থী হিসেবে লড়ছেন ডা. শফিকুর রহমান। আজ সকাল থেকেই মিরপুর ও সংলগ্ন এলাকার নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন।


নির্বাচনী আইন অনুযায়ী, গতকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (সকাল ৭:৩০ মিনিট)। একই সাথে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে নির্ধারিত ১২ ফেব্রুয়ারি, ২০২৬।


জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। জনসমাবেশে দশ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন এবং তারাও জামায়াত আমিরের প্রতি সমর্থন ব্যক্ত করেন।


ঢাকা-১৫ আসনের এই সমাবেশকে কেন্দ্র করে মিরপুর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের এই সমাবেশের মধ্য দিয়েই সারাদেশে তাদের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।