আলটিমেটাম শেষ হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ: আকাশ চোপড়া
ছবিঃ সংগৃহীত

ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা এখন তুঙ্গে। বিসিবি এবং আইসিসি—উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড়। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবি শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করলেও আইসিসি তা সরাসরি নাকচ করে দিয়েছে। আইসিসির সাফ কথা, ভারতের মাটিতে না খেললে অন্য দলকে টুর্নামেন্টে যুক্ত করা হবে। এই জটিলতা নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবির হাতে সময় আছে স্রেফ আজকের (বৃহস্পতিবার) দিনটি।


উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের মাটিতে খেলতে যাওয়া বা না যাওয়ার বিষয়ে খেলোয়াড়দের মতামত ও সরকারের অবস্থান স্পষ্ট করা হবে। এর আগে বুধবার রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বোর্ডের শীর্ষ কর্তারা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।


বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে তিনি মন্তব্য করেছেন যে, আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই বাংলাদেশ খেলতে রাজি হয়ে যাবে।


আকাশ চোপড়া বলেন, “বাংলাদেশ, আপনাদের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র ২৪ ঘণ্টা সময় আছে। আইসিসি তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিশ্চিত করেছে যে সেখানে কোনো ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন, তবে আপনাদের পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে।”


আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশ অংশ না নিলে সেই সুযোগটি লুফে নিতে পারে স্কটল্যান্ড। তিনি বলেন, “আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে। যাদের ইতালি টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল, সেই স্কটল্যান্ডের কপাল এবার খুলে যেতে পারে।”


বাংলাদেশ কেন শেষ পর্যন্ত খেলতে বাধ্য হবে, তার ব্যাখ্যায় আকাশ চোপড়া বড় অংকের আর্থিক লেনদেন ও আইনি বাধ্যবাধকতার বিষয়টি সামনে আনেন। তিনি সতর্ক করে বলেন, 'আইসিসির আয়ের একটি বড় অংশ বাংলাদেশের মতো দেশগুলোর উন্নয়ন তহবিলে যায়। টুর্নামেন্টে খেলার লিখিত বা মৌখিক সম্মতি দেওয়ার পর শেষ মুহূর্তে সরে দাঁড়ালে আইসিসি কঠোর নিষেধাজ্ঞা বা আর্থিক জরিমানা করতে পারে।'


আকাশ চোপড়া বলেন, “বাস্তব পরিস্থিতি বিবেচনা করলে আমার মনে হয়, বড় কোনো সমস্যা এড়াতে বাংলাদেশ ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই তাদের মত বদলে জানাবে যে তারা বিশ্বকাপ খেলতে আসছে।”


এখন সবার নজর দুপুরের সেই বৈঠকের দিকে। ক্রিকেট ভক্তরা অপেক্ষায় আছেন, শেষ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিরা ভারতের বিমানে ওঠেন কি না।