সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের ঘটনা দুপুর পর্যন্ত চলমান ছিল।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল নিক্ষেপের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।


সরেজমিনে দেখা গেছে, মিরপুর রোডের নিউমার্কেট অংশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ ঘটনায় মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একইভাবে নিউমার্কেট থেকে মিরপুর অভিমুখেও যান চলাচল বন্ধ রয়েছে।


উল্লেখ্য, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়। ওই সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে গোলাপ ও মুখে বন্ধুত্বের স্লোগান দিয়ে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিলেন। তবে সেই অঙ্গীকার এক মাসও টেকেনি। গত ১০ ডিসেম্বর ফের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সে সময় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।


সর্বশেষ সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।