নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো নিবিড়ভাবে তদারকি করা হয়। একই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, প্রচার কার্যক্রম বা বিধি বহির্ভূত কর্মকাণ্ড যেন সংঘটিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। অভিযানের সময় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডাকাতিয়া ইউনিয়নে অভিযান চলমান রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসন সূত্র আরও জানায়, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভালুকা উপজেলাজুড়ে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

