কুষ্টিয়ায় প্রতিবাদ সভায় বক্তব্যরত অবস্থায় জেলা জামায়াত আমিরের ইন্তেকাল
ছবিঃ সংগৃহীত

ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে মৃত্যুবরণ করেছেন।


আজ সোমবার বিকেল ৩টায় কুষ্টিয়া পৌরসভা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে এসে একটি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল। সমাবেশ চলাকালীন অধ্যাপক আবুল হাসেম বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উল্লেখ্য, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে ২০২৩ সালের একটি বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। আমির হামজা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই হুমকির কথা জানিয়ে নিরাপত্তার শঙ্কা প্রকাশ করেছিলেন। এরই প্রতিবাদে আজকের এই কর্মসূচির আয়োজন করেছিল জেলা জামায়াত।


অধ্যাপক আবুল হাসেমের আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াত ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক হাসপাতালের সামনে ভিড় জমান।