ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়েছে।
১৯ জানুয়ারী (সোমবার) সকালে আনুমানিক ১০ টা হতে ১১ টা পর্যন্ত পৌরসভার ছোলনা এলাকায় অবস্থিত ‘মেসার্স ভাই ভাই স্টোর’ নামের ওই কারখানা ও এর চারটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের নকল ও ভেজাল শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে প্রতিষ্ঠানটির মালিক বাহারুল বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোয়ালমারী আর্মি ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ দল অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
তিনি বলেন,“বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করা গুরুতর অপরাধ। জনস্বাস্থ্য বিশেষ করে শিশুদের জীবনের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড সরাসরি হুমকিস্বরূপ। তাই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “ভেজাল ও নকল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

