ময়মনসিংহের নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণী থেকে আলীম শ্রেণী পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে মাদ্রাসায় নিয়মিত উপস্থিত থাকায় পুরস্কার প্রদান করা হয়েছে।
নিয়মিত মাদরাসায় উপস্থিত থাকা এবং ছুটির আগে চলে না যাওয়ায় রোববার (১৮ জানুয়ারি) বিকালে মাদরাসার শিক্ষার্থীর মাঝে পুরস্কার হিসাবে খাতা ও কলম প্রদান করা হয়।
শিক্ষকরা বলছেন, মাদরাসা ও পড়ালেখার প্রতি মনোযোগ বাড়াতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এ অভিনব কৌশলকে শিক্ষক ও অভিভাবকরা ইতিবাচক হিসেবে দেখছেন।
২০২৫ সালের আগষ্ট মাস থেকে এ ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়।
৭ম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির, ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া, ১০ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া ও সানিয়া জানায়, 'নিয়মিত মাদরাসায় আসায় আজ পুরস্কার পেলাম। অনেক আনন্দ লাগছে। স্যারদের আমরা ধন্যবাদ জানাই।'
আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মৌমিতা, মাহবুবুল জানায়, আমরা নিয়মিত মাদরাসায় আসার কারনে পুরস্কার পেয়েছি। খুব ভালো লাগছে।
মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক বুলবুল বলেন, 'শিক্ষার্থীদের মাদরাসায় নিয়মিত উপস্থিতি ও শ্রেণীকক্ষে মনোযোগ বাড়াতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।'
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.হাদিউর রহমান বলেন, 'শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না আসলে তারা শ্রেণিপাঠে পিছিয়ে পড়ে। ফলে পড়ালেখায় তাদের মনোযোগিতা হারায়। নিয়মিত পাঠদানে আগ্রহ বাড়াতে মাদরাসায় উপস্থিত থাকতে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়েছে।'
মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জুনাইদ বলেন, 'এটি একটি উৎসাহমূলক উদ্যোগ মাদরাসায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি এতে করে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে।'

