ফুলবাড়ীতে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদী তীরবর্তী পশ্চিম ধনিরাম এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম অঞ্চল।


রোববার (১৮ জানুয়ারি ) দুপুরে পশ্চিম ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অগ্রণী ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত সচিব সাঈদ কুতুবের সহযোগিতায় দুই শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।


এ সময় উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন অগ্রণী ব্যাংক রংপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, অগ্রণী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক এস. এম. আহসান হাবীব, জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অগ্রণী ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রিন্সিপাল অফিসার মাসুমুর রশীদ, জেলা চর উন্নয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফসহ আরও অনেকে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ধরলা নদীটি ভারতের কর্ণপুর এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ করে ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করে ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। এই নদীর দুই তীরের হাজার হাজার মানুষ প্রতিবছর নদীভাঙন ও বন্যার কারণে গৃহহীন হয়ে পড়ছে। বারবার ঠিকানা বদল করতে বাধ্য হওয়া এসব মানুষ শীত মৌসুমে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।


বক্তারা আরও বলেন, তীব্র শীতে অসহায় ও হতদরিদ্র মানুষগুলো যখন চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন অগ্রণী ব্যাংকের এই কম্বল বিতরণ কার্যক্রম তাদের জন্য সামান্য হলেও স্বস্তি নিয়ে এসেছে। কম্বল পেয়ে অনেক শীতার্ত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।


ব্যাংক কর্তৃপক্ষ জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও চরাঞ্চল ও নদী তীরবর্তী অসহায় মানুষের পাশে দাঁড়াতে অগ্রণী ব্যাংক পিএলসি সবসময় সচেষ্ট থাকবে।