নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের বিক্ষোভ, পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে আজ রোববার সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতা কর্মীরা।


দুপুরে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়ে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। তারা অভিযোগ করেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে এবং নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে।


ছাত্রদলের পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্তকে তারা অদূরদর্শী ও একপেশে বলে অভিহিত করেন। দ্বিতীয়ত, কমিশনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানান। তৃতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জারি করা প্রজ্ঞাপনকে নজিরবিহীন ও বিতর্কিত উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানান।


সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে আজ রাত পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে অবস্থান করব। সরেজমিনে দেখা যায়, ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড বসিয়েছে এবং ছাত্রদলের নেতা–কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।'


পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করার দাবিসহ এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়ে কর্মসূচি অব্যাহত রেখেছে ছাত্রদল।