টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বর্তমানে পেশাগত জীবনের কঠিন সময় পার করছেন। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে তাঁর ওপর এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে বলে শোনা যাচ্ছে। অভিযোগ, কোনো সিনেমায় অনির্বাণকে নেওয়া হলে সেই প্রজেক্টে ফেডারেশনের টেকনিশিয়ানরা কাজ করতে রাজি হচ্ছেন না। এর ফলে গত ছয় থেকে সাত মাস ধরে কার্যত কাজের বাইরে রয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
এই জটিলতা কাটিয়ে তুলতে এবার অনির্বাণের পাশে দাঁড়ালেন সুপারস্টার দেব। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল, দেব ও শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে অনির্বাণকে। তবে শুক্রবার এক বৈঠকে দেব পরিষ্কারভাবে জানান, এমন কোনো খবর সত্য নয়। যদিও তিনি মন্তব্য করেন, খবরটি সত্যি হলে মন্দ হতো না।
এদিন দেব প্রকাশ্যে জানান, তিনি আন্তরিকভাবেই চান অনির্বাণ আবার চলচ্চিত্রে নিয়মিত কাজ শুরু করুন। ফেডারেশনের উদ্দেশে তিনি বলেন, অনির্বাণের হয়ে আমি ক্ষমা চাইছি। যা কিছু ভুল হয়ে থাক, তা ভুলে ওকে আবার কাজ করার সুযোগ দেওয়া হোক। একজন প্রতিভাবান অভিনেতার কাজের মধ্যে থাকাটা খুবই প্রয়োজন।
পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপও কামনা করেছেন দেব। তাঁর বিশ্বাস, সকলের সহযোগিতায় শিগগিরই এই সংকটের সমাধান হবে এবং অনির্বাণ ভট্টাচার্য আবার স্বাভাবিকভাবে চলচ্চিত্র জগতে ফিরতে পারবেন।

