টাঙ্গাইল–৮ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
ছবিঃ বিপ্লবী বার্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের জন্য সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফজলুল হক বাচ্চু। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান নিজে মনোনয়নপত্র সংগ্রহ করেন।


আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল রনী'র কাছ থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহকালে তাদের সাথে  দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামায়াত প্রার্থী শফিকুল ইসলাম খান বলেন, সখীপুর -বাসাইল আসনের মানুষ দীর্ঘদিন ধরে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করছে। আমরা ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। জনগণ আমাদের পাশে থাকলে এই আসনে একটি আদর্শ ও কল্যাণমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।


তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের প্রত্যাশা। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী।


নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিলসহ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।