নাসিরনগরে আমিনুল ইসলামের সমর্থনে গণমিছিল
ছবিঃ বিপ্লবী বার্তা

ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামের সমর্থনে বিশাল সমাবেশ ও গণমিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।


রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। পরে উপজেলা সদরের প্রধান সড়ক পর্যন্ত দীর্ঘ রাস্তাজুড়ে বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।


এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের মজলিশে শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক আমির সাইয়েদ আলী, যুব বিভাগের সভাপতি লুৎফর রহমান রমজান উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুর ইসলাম খোকনসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা বলেন, 'আজকের এই বিপুল সমাবেশ প্রমাণ করে নাসিরনগরের মানুষ শান্তি চায়। শান্তির প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু–মুসলমান সবার ভালোবাসায় এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী বিজয়ী হবে ইনশাআল্লাহ।'