দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগারমিলের আখ মাড়াই উদ্বোধন
ছবিঃ বিপ্লবী বার্তা

জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগারমিলের চলতি ২০২৫-২৬ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন হয়েছে। ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেলে চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে এবারের ৬৮তম মাড়াই কার্যক্রম শুরু হয়।


জিল বাংলা সুগারমিলের ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতি: দায়িত্ব) মো. রশিদুল হাসান। 


বিশেষ অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ইক্ষু উন্নয়ন ও গবেষণার পরিচালক (যুগ্মসচিব) ড. আব্দুল আলীম খান, বিএসএফআইসি প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. নাজমুল হাসান, বাবু শ্যামল চন্দ্র, মাহবুবুর রহমান তালুকদার, আ. রশিদ সাদা, আতিকুর রহমান সাজু প্রমুখ।


এ অর্থবছরে ৮৫ কার্যদিবস খোলা রেখে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া প্রতি মন আখের দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা।


মিলটি প্রতিষ্ঠার পর থেকে ৬৭ বার মাড়াই কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে ৪৯ বার লোকশান গুণতে হয় কর্তৃপক্ষকে। আর এই লোকশানের পরিমান বর্তমানে ৭০৩ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৩৬৫ টাকা।