গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ সাঁটানো হয়।
কারখানার শ্রমিকদের দাবী, 'জেনারেল ম্যানেজার ও এডমিন অফিসারকে তাদের অসদাচরণের কারণে প্রতিষ্ঠানে চায়নি তারা। মালিকপক্ষও প্রতিশ্রুতি দিয়েছিল যে, তাদের ফ্যাক্টরি থেকে বের করা হবে। কিন্তু গতকাল থেকে তারা আবার ফ্যাক্টরিতে কাজে যোগ দিয়েছেন। তাই গতকাল শ্রমিকরা আন্দোলন চালায়েছিলো।”
কারখানা কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (এডমিন ও ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে বলা হয়, 'শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবী উত্থাপন করে অবৈধভাবে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এতে কারখানার অভ্যন্তর আইনশৃঙ্খলার চরম অবস্থা সৃষ্টি হয় এবং রপ্তানী কার্যক্রম ব্যাহত হওয়ায় কোম্পানির বিপুল আর্থিক ক্ষতি হয়।'
নোটিশে আরও জানানো হয়েছে, 'শ্রমিকদের বারবার কাজে যোগদানের অনুরোধ সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রমে অংশ নেননি। এই অবৈধ ধর্মঘটের কারণে কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে আজ ২৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।'
কারখানার সিকিউরিটি ও রক্ষনাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীরা এই আদেশের আওতামুক্ত থাকবেন।
এদিকে শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার পর্যন্ত সড়ক অবরোধ করেন এবং যানবাহনকে ফিরিয়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে তারা।
শ্রমিকদের বরাত দিয়ে মোর্শেদ জামান জানান, 'তারা কারখানা পুনরায় খোলার দাবিতে কলকারখানা অধিদপ্তরে যাবেন। তবে তাদের সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয়।
তবে হানিওয়েল গার্মেন্টস লিঃ (এ. জে গ্রুপ) এর ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেনের সাথে এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

