নেত্রকোণায়  ডিএসকে'র আয়োজনে উদ্যোক্তাদের মিলনমেলা
ছবিঃ বিপ্লবী বার্তা

পিকেএসএফ-এর সহায়তায় এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় নেত্রকোণার কলমাকান্দায় সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে “উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৫”।


মেলা সকাল থেকে উপজেলা শহীদ মিনার সংলগ্ন মাঠে দিনব্যাপী বসে। এ মেলায় “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক মূল্যশৃঙ্খল উপ-প্রকল্পের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন এবং সৃজনশীল প্রদর্শনীর মাধ্যমে নিরাপদ উৎপাদন ব্যবস্থা, উদ্ভাবনী উদ্যোগ, বাজার ব্যবস্থাপনা ও আধুনিক উদ্যোক্তা কার্যক্রম উপস্থাপন করেন।


মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, ডিএসকে’র সহকারী পরিচালক এস. এম. ফারুক রানা ও শামছুল আলম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএসকে’র ঋণ কার্যক্রম বিভাগের পরিচালক মো. সামসুল আলম।


অতিথিরা বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং পোল্ট্রি খাতের অগ্রগতিতে প্রাতিষ্ঠানিক সহায়তা অপরিহার্য। পিকেএসএফ ও ডিএসকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।


মেলায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী। উদ্যোক্তারা জানিয়েছেন, এ ধরনের মেলা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে, জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করেছে এবং বাজার সংযোগ শক্তিশালী করেছে। ডিএসকে জানায়, উদ্যোক্তাদের উন্নয়নই তাদের শক্তি, এবং ভবিষ্যতেও তারা উদ্যোক্তাদের পাশে থাকবে।


দিনব্যাপী এ মেলা পোল্ট্রি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন দর্শনার্থী ও অংশগ্রহণকারীরা।