শীতের আমেজে পিঠার উৎসবে সরগরম ভালুকার গ্রাম-শহর
ছবিঃ বিপ্লবী বার্তা

শীতের শুরুতেই বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব যেন নতুন প্রাণ পায়। ভোরের কুয়াশা ভেদ করে উঠছে চুলার ধোঁয়া, সেই সঙ্গে ঘরে ঘরে তৈরি হচ্ছে নানারকম পিঠা। শহরের ব্যস্ত রাস্তাগুলোতেও এখন ভেসে আসে গরম পিঠার সুবাস।


ভালুকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সন্ধ্যা নামলেই জমে ওঠে পিঠার দোকান। চিতই, ভাপা, বজরং, দুধপুলি, পাটিসাপটা সব পিঠার স্টলেই লেগে থাকে ভিড়। নানা বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় এই মৌসুমি আয়োজন। ব্যবসায়ীদের হাসি মুখেও ফুটে ওঠে ভালো বিক্রির সন্তুষ্টি।


একজন পিঠা বিক্রেতা জানান,“শীত এলেই আমাদের আসল মৌসুম শুরু হয়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দারুণ বিক্রি হচ্ছে প্রতিদিন।”


পিঠা কিনতে আসা এক ক্রেতা বলেন,“শীতের আসল আনন্দই পিঠা। নতুন চালের গুঁড়ার পিঠার স্বাদ এই সময়েই সবচেয়ে ভালো লাগে।”


বাংলার রন্ধনশৈলী ও গ্রামীণ সংস্কৃতিতে শীতের পিঠা শুধু খাবার নয় এটি এক ঐতিহ্য। সময় বদলালেও এই উৎসব আজও বাঙালির হৃদয়ে বিশেষ আনন্দ বয়ে আনে।