‘ঠাকুমার ঝুলি’ এবার রহস্যের গল্প, ট্রেলারে চমক
ছবিঃ বিপ্লবী বার্তা

শৈশবের রূপকথার স্মৃতি জাগানো জনপ্রিয় গল্পসংগ্রহ ‘ঠাকুমার ঝুলি’ এবার নতুন আঙ্গিকে ফিরছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। তবে এবার এটি কোনো রূপকথার গল্প নয়, বরং রহস্যে ভরা এক গোয়েন্দা সিরিজ। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই সেই বড় চমক পেয়েছেন দর্শকরা।


সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এখানে তাকে দেখা যাবে বিষ্ণুপুরের ষাটোর্ধ্ব এক তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন নারী গিরিজাবালা সান্যাল চরিত্রে। জীবনের নানা অভিজ্ঞতা ও শোক তাকে করেছে কম কথার কিন্তু গভীর পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী। নিঃসঙ্গ জীবনে তার সঙ্গী শুধু তিনটি বিড়াল।


গল্পে মোড় নেয় যখন বিদেশ থেকে তার নাতনি যাজ্ঞসেনী ফিরে আসে। এরপর রহস্যজনকভাবে মারা যায় গিরিজাবালার একটি বিড়াল। ঘটনার পরপরই এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে ঘটে খুনের ঘটনা—মারা যান কনে। বিয়ের বাড়িতে এমন ঘটনার পর যখন সবাই হতবাক, তখন পুলিশের পাশাপাশি নিজের বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে রহস্যভেদে নেমে পড়েন ‘গোয়েন্দা ঠাকুমা’ গিরিজাবালা।


ট্রেলারে দেখা যায়, এক মৃত্যুর পর আরও দুইটি হত্যাকাণ্ড ঘটে, ফলে রহস্য আরও জটিল হয়ে ওঠে। একের পর এক ঘটনার সূত্র খুঁজে বের করার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন গিরিজাবালা।


এই সিরিজে শ্রাবন্তীর লুকও দর্শকদের দৃষ্টি কাড়ছে। গ্ল্যামারাস রূপের বদলে তাকে দেখা যাচ্ছে কাঁচাপাকা চুল, আটপৌরে শাড়ি ও চোখে চশমায়—এক গম্ভীর ও বিচক্ষণ চরিত্রে। তার শান্ত কিন্তু তীক্ষ্ণ চাহনি যেন ইঙ্গিত দিচ্ছে, কোনো অপরাধই তার চোখ এড়িয়ে যাবে না।


ট্রেলার প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঠাকুমার ঝুলি’ নামের নিচে এমন রহস্যঘেরা গোয়েন্দা গল্প দেখার কথা তারা ভাবেননি। আবার কেউ কেউ শ্রাবন্তীর নতুন চরিত্র ও অভিনয়ের প্রশংসা করেছেন।


অয়ন চক্রবর্তী-এর পরিচালনায় নির্মিত এই সিরিজে শ্রাবন্তীর পাশাপাশি নাতনির চরিত্রে অভিনয় করেছেন দিব্যানী মণ্ডল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে ও দেবরাজ ভট্টাচার্য।


রূপকথার আবহ আর রহস্যঘেরা গোয়েন্দা গল্পের মিশেলে নির্মিত সিরিজটি আগামী ২০ মার্চ থেকে হইচই প্ল্যাটফর্মে দর্শকদের জন্য উন্মুক্ত হবে।