বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, নিরাপত্তা জোরদার
ছবিঃ সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে শনিবার ড্রোন হামলা হয়েছে। এ তথ্য জানিয়েছে এএফপি। এএফপির এক কর্মকর্তা বলেন, “একটি ড্রোন দূতাবাসে আঘাত হেনেছে।” নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্রও কূটনৈতিক মিশনে হামলার সত্যতা নিশ্চিত করেছে।


কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এই ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার সময় দূতাবাস থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া, দূতাবাসের ভেতরে থাকা একটি হেলিকপ্টারের অবতরণস্থল (হেলিপ্যাড) ক্ষেপণাস্ত্র আঘাতের কবলে পড়েছে।


বাগদাদের গ্রিন জোনে অবস্থিত বিশাল মার্কিন দূতাবাস প্রাঙ্গণটি এর আগেও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে এসেছে।


মার্কিন দূতাবাস থেকে এই হামলার বিষয়ে এখনো কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে গত শুক্রবার দূতাবাস কর্তৃপক্ষ ইরাকের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করেছিল। সেখানে সতর্ক করে বলা হয়েছিল, “ইরান ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী অতীতে মার্কিন নাগরিক, স্বার্থ ও অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং তারা পুনরায় এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।”