টানা তৃতীয় দিনের মতো দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ৬৮৫ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছে।
শনিবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন–এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৫ টাকা কমে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৪ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে শুক্রবারও বাজুস সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম ভরিতে ৩৯২ টাকা কমিয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা এবং ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছিল ৬ হাজার ৩৫৭ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।

