যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
ছবিঃ সংগৃহীত

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে নিজেদের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে উৎক্ষেপণটি প্রত্যক্ষ করেন।


উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নতুন ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে ‘চো হিওন’। প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজটি তৈরি করেছে উত্তর কোরিয়ার নৌবাহিনী।


বুধবার দেশটির পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ারটি থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়। জাহাজটি উদ্বোধনী যাত্রা শুরু করে নাম্পো শিপইয়ার্ড থেকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কিম জং উন।


জাহাজটির যাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণে কিম বলেন, পানির নিচে ও পানির ওপর থেকে সমানতালে আঘাত হানার সক্ষমতা খুব শিগগিরই অর্জন করবে উত্তর কোরিয়ার নৌবাহিনী। তিনি আরও বলেন, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে।


কিম জং উন বলেন, সাম্প্রতিক সময়ে নৌ প্রতিরক্ষায় যে সাফল্য অর্জিত হয়েছে, তা দেশটির সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরে দেখা যায়নি।