বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সর্ববৃহৎ উন্মুক্ত ইফতার
ছবিঃ বিপ্লবী বার্তা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ উন্মুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুক্তমঞ্চে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় ১৮০০ শিক্ষার্থী একসঙ্গে অংশগ্রহণ করেন।


আয়োজক সূত্রে জানা যায়, শুরুতে রেজিস্ট্রেশনের মাধ্যমে এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের কারণে পরে এটি উন্মুক্ত করে দেওয়া হয়। নারী শিক্ষার্থীদের জন্য পর্দাসহ পৃথক বসা ও ইফতারের বিশেষ ব্যবস্থাও রাখা হয়।


শাখা সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নোমান হোসেন নয়ন, বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবং বরিশাল মহানগর সভাপতি নাইমুল ইসলাম।


এছাড়া সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, ছাত্রশক্তির আহ্বায়ক বেলাল আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। তিনি বলেন, এমন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চান যেখানে ইবাদত হবে স্বাধীন, মতপ্রকাশ হবে অবাধ এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন থাকবে।


তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসায় এই আয়োজন সফল হয়েছে এবং ভবিষ্যতে সবাই মিলে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যাশা করেন।