নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বা আক্রমণকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি।
বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরাকের প্রধানমন্ত্রী।
ফোনালাপে ইরানের শাহাদাৎবরণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান শিয়া আল সুদানি। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ড বা সীমান্ত ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হুমকি বা হামলার সুযোগ দেবে না।
এ সময় ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা জানান ইরাকের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইসরায়েলের শুরু করা এ আগ্রাসী অভিযান আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা এবং ইরানের প্রতি সমর্থন জানানোর জন্য ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

