বিপ্লবী বার্তা
জামালপুরের মাদারগঞ্জে মৃত খালাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘাতক গাড়ির চালককে আটক করেছে।
মঙ্গলবার ২৪ (ফেব্রুয়ারী) সকাল ৮টার দিকে জামালপুর সিএনজি স্টেশন থেকে মাদারগঞ্জে আসার পথে ফায়ার সার্ভিস মোড়ে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে কাঁকড়াবাহী গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। সে জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে।
আহতরা হলেন নিহত জাহিলের মা বিথী (৩৫), জুনাইল ফকির বাড়ির ওয়াজেদ আলী ফকিরের স্ত্রী সামিরা (৫৫) এবং জুনাইল এলাকার মিজানের স্ত্রী সেলিনা (২৬)। গুরুতর আহত দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহত ও আহতদের স্বজনরা জানান, তেঘরিয়া এলাকায় দুদু মিয়ার মেয়ে খুশোর মৃত্যু হওয়ায় তাকে দেখতে জামালপুর থেকে স্বজনদের নিয়ে রওনা হন তারা। পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে দুর্ঘটনার শিকার হন। নিহতের আত্মীয় রফিকুল ইসলাম বলেন, খালাকে শেষবার দেখতে যাওয়ার পথেই প্রাণ হারালো শিশু জাহিল। তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু রায়হান জানান, চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, সিএনজি ও কাঁকড়াবাহী গাড়ির সংঘর্ষে এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। কাঁকড়াবাহী গাড়ির চালককে আটক করা হয়েছে। দুটি যানবাহন জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

