ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ছবিঃ বিপ্লবী বার্তা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পুরনো রেলসেতু এলাকায় ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে ওই অজ্ঞাত নারী রেলস্টেশনের সামনে পুরনো সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। এতে মাথা ও মুখে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পরে স্থানীয়রা নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ইউসুফ মিয়া জানান, নিহত নারীর আনুমানিক বয়স ২৫ বছর। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।