শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোট ৯ এপ্রিল, তফসিল ঘোষণা

ত্রয়োদশ সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ‎মঙ্গলবার (২৪ ফোব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ দুটি আসনের তফসিল ঘোষণা করেন।


‎ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করার সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ, আপিল ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আর প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ। ভোট ৯ এপ্রিল


‎এদিকে বগুড়া-আসনে পোস্টাল ভোট হবে না বলে জানান ইসির সিনিয়র সচিব।


‎উল্লেখ্য,  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তারেক রহমান নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।


‎এ ছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।


‎গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২টি।


‎অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।