পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছে মুন্না।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে একটি নির্জন বাগানে এক নারীকে ধরে টানাটানি ও একাধিক চড় থাপ্পর দিচ্ছে ছাত্রদল নেতা মুন্না। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করছে।
এ বিষয় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মারধরের কথা স্বীকার করে বলেন, 'ওই মেয়ে আমার স্ত্রী। একটি নির্জন স্থানে বসে আমার সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায় চড় থাপ্পর দেই।'
এদিকে পিরোজপুরে নারীকে মারধর করার ভিডিও ভাইরাল হওয়া সেই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নাকে সংগঠন প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীনের এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছে বলে উল্লেখ করা হয়েছে।

