মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো-কে যুক্তরাষ্ট্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে দেওয়া এক ভিডিওতে ট্রাম্প রোনালদোকে “সর্বকালের সেরা খেলোয়াড়” হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।”
ভিডিওটিতে ট্রাম্প ও রোনালদোকে হোয়াইট হাউজের ওভাল অফিসে ফুটবল খেলতে দেখা যায়। যদিও ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা, তবু এটি আন্তর্জাতিক গণমাধ্যমে সরগরম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের আহ্বান দুটি কারণে হতে পারে। প্রথমত, আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যা ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয়ত, রোনালদোকে আমেরিকার মেজর লিগ সকারে যোগ দেওয়ার আহবান করা হতে পারে। বর্তমানে রোনালদো সৌদি ক্লাব আল-নাসর আল-নাসরে খেলছেন।
এদিকে, কয়েক মাস আগে রোনালদো হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় তিনি ইনস্টাগ্রামে নিজের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং প্রেসিডেন্ট ট্রাম্প পরিবারের সঙ্গে হাস্যজ্জ্বল মুহূর্তের ছবি শেয়ার করেন। রোনালদো লিখেছিলেন, “আমি এবং আমার বাগদত্তা জর্জিনাকে উষ্ণভাবে স্বাগত জানানোর জন্য ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। আমাদের প্রত্যেকেই অর্থবহ কিছু দিতে পারি এবং আমি নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রক্রিয়ায় অংশ হতে প্রস্তুত, যারা সাহস, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করবে।”
ষষ্ঠবারের মতো ২০২৬ বিশ্বকাপে রোনালদো অংশ নেবেন। তার নেতৃত্বে পর্তুগাল দল ‘কে’ গ্রুপে অবস্থান করছে, যেখানে রয়েছে উজবেকিস্তান, কলম্বিয়া এবং ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১-এর বিজয়ী দল। পর্তুগাল দল প্লে-অফ থেকে আসা দলের সঙ্গে ১৭ জুন, উজবেকিস্তানের সঙ্গে ২৩ জুন এবং কলম্বিয়ার সঙ্গে ২৭ জুন খেলার মুখোমুখি হবে।
৪১ বছর বয়সী রোনালদো বর্তমানে পেশাদার ক্যারিয়ারের ১০০০তম গোলের পথে রয়েছেন। এখন পর্যন্ত তার মোট গোল সংখ্যা ৯৬৪, যা তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বকাপে তার পারফরম্যান্সের দিকে ফুটবলপ্রেমীদের নজর থাকবে, যেখানে রোনালদো বয়স পেরিয়ে খেললেও গোলের ধারাবাহিকতায় অসাধারণ ক্ষমতা দেখাচ্ছেন।

