বিশ্বজুড়ে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
ছবিঃ সংগৃহীত

বিশ্বের সব দেশের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।


গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে দেন। আদালত রায়ে উল্লেখ করেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া একতরফাভাবে এ ধরনের শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।


তবে আদালতের রায়ের পরপরই ট্রাম্প নতুন করে প্রথমে ১০ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর কয়েক ঘণ্টা না যেতেই তিনি তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন।


সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিচ্ছি যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আরোপিত ১০ শতাংশ আমদানি শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হলো। বহু দেশ বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে এসেছে এবং এর কোনো বিচার হচ্ছিল না। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।”


বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। বিশেষ করে আমদানি-নির্ভর দেশগুলো এবং বহুজাতিক কোম্পানিগুলোর ওপর এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


এদিকে আদালতের রায়ের পর প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কংগ্রেসের ভূমিকা ও প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে আলোচনা আরও জোরদার হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।