নিয়ামতপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ছবিঃ বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


এ সময় নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নিয়ামতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান।


পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


দিনব্যাপী কর্মসূচিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।