সরিষাবাড়ী উপজেলায় এক নারীকে কেন্দ্র করে দুই যুবকের টানাটানি ও বাগবিতণ্ডার জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আওনা ইউনিয়ন-এর জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা দুই যুবক ও সংশ্লিষ্ট নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আতিকুল হাসান রাসেল নামে এক মনোহারি ব্যবসায়ীর সঙ্গে একই এলাকার শারমিন আক্তার-এর বিয়ে হয়। রাসেলের দাবি, পড়াশোনা শেষে শারমিন একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নিলে প্রতিষ্ঠানের মালিক লিয়াকত শিকদার-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তার অভিযোগ, পরবর্তীতে নানা টানাপোড়েনের পরও বিষয়টি মীমাংসা হয়নি।
অন্যদিকে লিয়াকত শিকদার দাবি করেন, শারমিন তার পূর্বের স্বামীকে তালাক দেওয়ার পরই তাকে বিয়ে করেছেন এবং তারা কিছুদিন ধরে একসঙ্গে বসবাস করছেন।
মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ লিয়াকত শিকদারের বিরুদ্ধে আগেও বিভিন্ন সম্পর্কজনিত বিতর্কে জড়ানোর অভিযোগ তোলেন, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, এক নারীকে দু’জন ব্যক্তি স্ত্রী হিসেবে দাবি করায় পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে তিনজনই থানা হেফাজতে আছেন। কাগজপত্র যাচাই করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

