মন্ত্রিসভায় ডাক পেলেন ভিপি নুর!
ছবিঃ বিপ্লবীবার্তা

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তিনি আজ বিকেলে বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরকে আনুষ্ঠানিকভাবে শপথের আমন্ত্রণ জানানো হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে জয়ী হন তিনি।


২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন নুর। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। পরে ২০২১ সালে প্রতিষ্ঠা করেন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। মাঠের রাজনীতি থেকে উঠে এসে এবার জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণী ভূমিকায় যুক্ত হচ্ছেন এই তরুণ নেতা।