চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
ছবিঃ বিপ্লবীবার্তা

চুয়াডাঙ্গার জীবননগর উথুলিতে সড়ক দুর্ঘটনায় বাগদী সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন আহত হয়েছেন ১৫ জন।


প্রতিদিনের মতো হাটে ঝুড়ি-ঝাপি বিক্রি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছেন সন্ধ্যা রানি (৬২) নামে এক নারী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন নারী-পুরুষ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার কাছে দুর্ঘটনাটি ঘটে।


নিহত সন্ধ্যা রানি দর্শনা রামনগর এলাকার বাসিন্দা ও দুলালের স্ত্রী। আহতরা সবাই একই এলাকার বাগদি সম্প্রদায়ের শ্রমজীবী মানুষ।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা খালিশপুর এলাকার বিভিন্ন হাটে ঝুড়ি-ঝাপি ও বাশের তৈরি সামগ্রী বিক্রি শেষে একটি আলমসাধু করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উথলী মালোপাড়ার কাছে হঠাৎ করে দুটি শিয়াল সড়কের ওপর উঠে আসে। এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যেই যানটি উল্টে যায়। যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।


আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয়রা দর্শনা ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা রানিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


আহতদের মধ্যে রয়েছেন,বাদোলি রানি (৩০), বিকাশ মণ্ডল (৪৫), রিকা রানি (৪০), শেফালী (৪৫), সন্ধ্যা (৫০), জোসনা (৫০), চায়না (৩০), টুকুল (৩০), অশোক (৪০) এবং আলমসাধু চালক মিলন (৩০)সহ আরও কয়েকজন।


দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, একজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা চলছে।