ভোট গণনা শুরু
ছবিঃ সংগৃহীত

কিছু বিচ্ছিন্ন সহিংসতা ছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এখন চলছে ভোট গণনা, যার মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রক্ষমতা কাদের হাতে যাচ্ছে।


সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে তরুণ এবং নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবারের নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য। দুপুরের পর থেকে কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়, যা বিকেল পর্যন্ত অব্যাহত ছিল। নির্বাচন কমিশনের তথ্যমতে, সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ দেশজুড়ে নিছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্যের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ১ লাখেরও বেশি সেনাসদস্য। এ ছাড়া নির্বাচনী অপরাধ দমনে মাঠে ছিলেন ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।


এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। বিশেষ নজর কেড়েছে ৮৩ জন নারী প্রার্থীর অংশগ্রহণ। অন্যদিকে, প্রবাসীদের ভোটেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রবাসে ৫ লাখ ৪৩ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন এবং প্রায় ৫ লাখ ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।


বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভোট গণনা শেষে এখন সারা দেশের মানুষের নজর নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলের দিকে।