ফরিদপুর-৩ আসনে অর্থ বিতরণের অভিযোগে পোলিং এজেন্টকে জরিমানা
ছবিঃ বিপ্লবীবার্তা

ফরিদপুর-৩ (সদর) আসনের একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে অর্থ বিতরণের অভিযোগে এক পোলিং এজেন্টকে দণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ বিচারিক আদালত।


দণ্ডপ্রাপ্ত তানজির ইসলাম দেওরা এলাকার বাসিন্দা হাফিজুর ইসলামের ছেলে। তিনি বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের পক্ষে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


আদালত সূত্র জানায়, কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। অভিযোগ ওঠে, তিনি ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য অর্থের প্রলোভন দিচ্ছিলেন। বিষয়টি নির্বাচনি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


প্রিজাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, জামায়াত সমর্থিত এক পোলিং এজেন্ট প্রথমে বিষয়টি অভিযোগ আকারে উত্থাপন করেন। পরে প্রশাসনকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।