কঠোর নিরাপত্তায় ফরিদপুরে ভোটগ্রহণ, ঝুঁকিপূর্ণ ২৫০ কেন্দ্র
ছবিঃ বিপ্লবীবার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলায় উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬৫৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে।


ভোটের শুরু থেকেই কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। প্রশাসনের পূর্বপ্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।


জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ফরিদপুরের চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ২ হাজার ৯১০ জন, নারী ৮ লাখ ৬৮ হাজার ৯৯০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। এই চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৮ জন প্রার্থী।


সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে ভোটার অংশগ্রহণ বাড়তে দেখা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী ভোটারদের সুবিধার্থে আলাদা লাইন ও নারী পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।


জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা জানান, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে আগেই নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।"


প্রশাসনের তথ্য মতে, জেলার ২৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে চর ও দুর্গম এলাকার ২৪টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, "জেলার বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ৮০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ১৩ প্লাটুন বিজিবি, র‌্যাব, আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। প্রতিটি উপজেলায় বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।"


ভোটারদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, "নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে।"


ফরিদপুর সদর উপজেলার এক ভোটার কুদ্দুস শেখ বলেন, সকালে ভিড় তুলনামূলক কম থাকলেও পরিবেশ স্বাভাবিক ছিল এবং কোনো ঝামেলা ছাড়াই তিনি ভোট দিয়েছেন। নগরকান্দা উপজেলার এক নারী ভোটার জানান, প্রশাসনের উপস্থিতিতে তারা নিরাপদ বোধ করছেন এবং শান্তিপূর্ণ ভোট চান।


কিছু কেন্দ্রে সকালে উপস্থিতি কম থাকলেও সময় বাড়ার সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষায় প্রশাসন বিশেষ নির্দেশনা জারি করেছে। সব মিলিয়ে কঠোর নিরাপত্তা, নির্বাহী ও বিচারিক তদারকি এবং ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ফরিদপুরে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। এখন প্রায় ১৮ লাখ ভোটারের রায়ের অপেক্ষায় প্রার্থীরা।