লক্ষ্মীপুরের সদর উপজেলায় এক জামায়াত কর্মীর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চররমনী মোহন ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে আব্বাছ উদ্দিন নামের এক ব্যক্তি গুরুতর দগ্ধ হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ ঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা আব্বাছ উদ্দিন দগ্ধ হন। স্বজনদের দাবি, তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ আব্বাছ উদ্দিনের স্বজনরা অভিযোগ করেন, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ। তারা দাবি করেন, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে তাদের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে, যার ফলে ঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।

