গোপালগঞ্জ সদরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩
ছবিঃ বিপ্লবীবার্তা

গোপালগঞ্জ সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ একজন শিশু আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল প্রায় ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩)।


ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে খালের ওপার থেকে ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন।


তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।