দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনি কেন্দ্রে পৌঁছান। ভোটদানকালে তার সাথে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান, তারাও একই কেন্দ্রে নিজেদের ভোট প্রদান করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গুলশান ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। তার এই ভোটদানকে কেন্দ্র করে সকাল থেকেই ওই কেন্দ্রে ভিড় জমান দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরার পর ২৭ নভেম্বর তিনি ভোটার হন।

