টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধরণের শাস্তি থেকে বেঁচে গেছে বলে যে আলোচনা চলছে, তা নাকচ করে দিয়েছেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক বিশ্লেষণে তিনি দাবি করেন, আইসিসি কখনোই বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতো না, কারণ শাস্তির কোনো যৌক্তিক ভিত্তি এখানে ছিল না।
বিসিবি ও পিসিবির মধ্যকার সমঝোতা এবং আইসিসির মধ্যস্থতায় জটিলতা নিরসনের পর প্রচার হচ্ছে যে, এই সিদ্ধান্তের ফলে ২০২৮ থেকে ২০৩১ সালের বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ বহাল থাকছে বাংলাদেশের। তবে আকাশ চোপড়া এই তত্ত্ব মানতে নারাজ। তিনি বলেন, “আইসিসি বলছে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। সত্যি বলতে, আইসিসি কখনোই বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতো না। কারণ বাংলাদেশ স্রেফ খেলতে চায়নি, আর তার প্রেক্ষিতে আইসিসিও তাদের বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছিল। বিষয়টি তো সেখানেই শেষ হওয়ার কথা।”
পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচ এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যু নিয়ে বিস্ময় প্রকাশ করে এই ক্রিকেট বিশ্লেষক বলেন, “১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ আগের সূচি অনুযায়ী একই তারিখে বহাল আছে। বাংলাদেশ আগেও টুর্নামেন্টের বাইরে ছিল, এখনও বাইরেই আছে। তবে এই আলোচনার মধ্যে পরিস্থিতির কী পরিবর্তন হলো তা আমার বোধগম্য নয়।”
মুস্তাফিজের প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, “মুস্তাফিজের আইপিএল খেলার কথা ছিল না, এখনও তার সেই সুযোগ তৈরি হচ্ছে না। তাহলে এই পুরো প্রক্রিয়ায় আসলে নতুন কী অর্জন হলো? আমি কিছুই বুঝতে পারছি না।”
উল্লেখ্য, আইসিসি এবং শ্রীলঙ্কার বিশেষ অনুরোধে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে পাকিস্তান নমনীয় অবস্থান নেওয়ায় বাংলাদেশের ওপর থেকে বড় ধরণের শাস্তির খড়গ নেমে গেছে বলে গুঞ্জন ওঠে। তবে আকাশ চোপড়ার এমন মন্তব্য ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

