কু‌ড়িগ্রামে বিএনপি-ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
ছবিঃ বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের উলিপুরে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।


অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


জানা গেছে, দীর্ঘদিন বিএনপি ও ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এসব নেতাকর্মী জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে একাত্মতা প্রকাশ করে দলটিতে যোগদানের সিদ্ধান্ত নেন।


যোগদানকারীদের মধ্যে রয়েছেন—হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি সুমন মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুরুল হোসেন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি নুর মোহাম্মদ আলী, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হোসেন, কর্মী নবাব আলী ও এরশাদুল হকসহ শতাধিক নেতাকর্মী।


আসন্ন নির্বাচনকে সামনে রেখে এর আগেও বিচ্ছিন্নভাবে বিভিন্ন দল থেকে জামায়াতে যোগদানের খবর পাওয়া গেছে।


যোগদানকারী কয়েকজন জানান, দীর্ঘ চিন্তাভাবনার পর জামায়াতের আদর্শ ভালো লাগায় তারা দলে যোগ দিয়েছেন। ইসলামী আদর্শভিত্তিক নৈতিক রাজনীতির মাধ্যমে দলটি দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে বলেও তারা মনে করেন।


এ বিষয়ে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ নানা বয়সী মানুষের জামায়াতে যোগদানের প্রবণতা বাড়ছে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে। তিনি সবাইকে সঙ্গে নিয়ে ‘ইনসাফের উলিপুর’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।