গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা সদর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করা হয়েছে কি না এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না তা যাচাই করা হয়। এ সময় অনিয়মের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দখলদারদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন, “সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
স্থানীয়দের মধ্যে এ অভিযানে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

