২০ ফেব্রুয়ারি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন। ছোটপর্দা ও বড়পর্দায় অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে বর্তমানে কিছু কঠিন সময় পার করছেন এই অভিনেত্রী।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মেয়ের অসুস্থতার কারণে এ বছর জন্মদিনে কোনো বিশেষ আয়োজন করেননি এই দম্পতি।
তবুও কঠিন সময়ের মাঝেও প্রিয় স্ত্রীর জন্মদিন ভুলে যাননি ফারুকী। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’খ্যাত এই নির্মাতা তিশাকে উপহার দেন একটি সুন্দর আংটি। আকস্মিক এই উপহারে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী।
জন্মদিন উপলক্ষে তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “জীবনে আরেকটি নতুন অভিজ্ঞতা যোগ হলো। হাসপাতালে বসে জন্মদিন উদযাপন করলাম। আমাদের জীবনের এমন টালমাটাল সময়েও আমার জন্মদিন মনে রাখার জন্য ধন্যবাদ ফারুকী।”

