কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আঞ্চলিক সংগঠন ‘নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম. সাদির এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাবেক সভাপতি শেখ মো. মাহবুব হোসেন এবং সাধারণ সম্পাদক ইমন আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি এস. এম. সাদির বলেন, নেত্রকোনা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন একটি আঞ্চলিক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি মূলত শিক্ষার্থীদের সহযোগিতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে কাজ করে। বিশেষ করে নেত্রকোনা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করাই এর প্রধান উদ্দেশ্য। দায়িত্বপ্রাপ্তদের আস্থার মর্যাদা রাখতে সংগঠনকে আরও এগিয়ে নিতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন।
সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, সংগঠনকে বর্তমান অবস্থানে আনতে যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তার মতে, সংগঠন মানেই সম্মিলিত শক্তি। সকলের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে।
উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

