নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরির চাপায় মো. শফিক (৬০) নামে এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর-টু-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শফিক উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার ছেলে শাকিল (২১) ও মো. একা (১৯)।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা কোম্পানির একটি তেলবাহী লরি কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা শফিক ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুই ছেলেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা জানান, মোটরসাইকেলে থাকা অবস্থায় তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

