চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় রেললাইনের একটি অংশ ভেঙে ছিটকে পড়ায় এলাকায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। ভাঙা লাইনের ওপর দিয়েই ট্রেন চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
আজ শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস জীবননগর উপজেলার উথলী ফার্মগেট এলাকা অতিক্রম করার সময় রেললাইনের প্রায় ৬ ইঞ্চি অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইন অতিক্রম করার পর ভাঙা অংশটি চোখে পড়ে। বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙা অংশটি দ্রুত অপসারণ বা মেরামত না করলে একই পথে চলাচলকারী পরবর্তী ট্রেনগুলো মারাত্মক ঝুকির মুখে পড়তে পারে। এলাকাবাসীর দাবি, সামান্য অসতর্কতা বা বিলম্ব বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।
গেইটম্যান অচিন্ত্য সাহা বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রুত এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
তবে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে মেরামত কার্যক্রম শুরু না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান দাবি করেছেন এলাকাবাসী।
রেলওয়ে সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

