কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী মুন্সিবাড়ী জমিদার বাড়ি এলাকায় অবস্থিত দুইটি প্রাচীন মন্দিরে চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে বুধবার সকাল ৬টার মধ্যে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে মন্দির কমিটির লোকজন জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন-এর মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির ও গৌড় নিতাই মন্দিরে প্রবেশ করে চোররা মূল্যবান মূর্তি ও পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায়।
বুধবার সকালে পূজা দিতে এসে পুরোহিত ও এলাকাবাসী মন্দিরের দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং পরে চুরির বিষয়টি নিশ্চিত হন।
লক্ষ্মী নারায়ণ জিও মন্দির: একটি পূজার ঘণ্টা, একটি কাঁসি, একটি শঙ্খ ও একটি কর্তাল।
গৌড় নিতাই মন্দির: কাসার তৈরি গোপালের মূর্তি (প্রায় ৫০০ গ্রাম) ও এক কেজি ওজনের গৌড়-নিতাই মূর্তি।
স্থানীয়রা জানিয়েছেন, মন্দির দুটি বহু পুরনো ও ঐতিহ্যবাহী। এই মূর্তি ও পূজা সামগ্রী কেবল ধর্মীয় নয়, বরং ঐতিহাসিক মূল্যও বহন করে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করার দাবি জানিয়েছেন।
লক্ষ্মী নারায়ণ জিও মন্দির কমিটির সভাপতি গৌরঙ্গ চন্দ্র সরকার বলেন, মন্দিরের পুরোহিত পঙ্গ চন্দ্র মোহন্ত বাদী হয়ে মামলা করবেন। তবে কারা এটি করেছে তা এখনও অজানা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, মন্দিরের পুরোহিত অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

