ময়মনসিংহের ফুলপুরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বালিয়া মোড় সংলগ্ন ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সেনাবাহিনীর একটি ট্রাক রওনা হয়েছিল। পথে বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত বাসের চালক আব্দুল বাসেতকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউলকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহতদের মধ্যে অনেককে দ্রুত তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে তীব্র যানজট তৈরি হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার ও সড়ক চলাচল স্বাভাবিক করেছেন। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

