শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু
ছবিঃ বিপ্লবী বার্তা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু। স্থানীয় সময় শনিবার ভানুয়াতু উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও স্থানীয় এক বাসিন্দা এটিকে ‌‘খুব বড়’ বলে বর্ণনা করেছেন। খবর এএফপির।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে।


প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার কিছুক্ষণ ভূমিকম্পে কেঁপে ওঠে ভানুয়াতুর উপকূল। তবে এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।


পোর্ট অলরির সৈকতে অবস্থিত একটি রিসোর্টের কর্মী অ্যাঞ্জেলিক ফ্রাঙ্ক বলেন, ভূমিকম্পটি ‘খুব বড় ধরনের’ ছিল এবং প্রায় এক মিনিট স্থায়ী হয়েছে বলে মনে হচ্ছে।


তিনি এএফপিকে বলেন, তার আশেপাশের এলাকায় আপাতদৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জিনিসপত্র বেশ দীর্ঘ সময় ধরে ঝাঁকুনির কারণে কেঁপে উঠেছে।


তিনি বলেন, এখানে কিছু লোক চিন্তিত ছিল। কিন্তু মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। তিন লাখ ২০ হাজার জনসংখ্যার নিচু দ্বীপপুঞ্জ ভানুয়াতুতে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত সিসমিক রিং অফ ফায়ারের চারপাশে অবস্থিত।