পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন বলেছেন, “বিএনপি-আওয়ামী লীগ বেঁধেছে জোট, ঘোড়া মার্কায় দেবে ভোট।” তিনি দাবি করেন, দলের ভুল সিদ্ধান্তের কারণে স্থানীয় পর্যায়ে যে বৃহত্তর ঐক্যের সৃষ্টি হয়েছে, তা ঘোড়া মার্কার বিজয়ের মাধ্যমেই পূর্ণতা পাবে।
সোমবার বিকেলে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি এক অভাবনীয় পরিবেশের সৃষ্টি করে।
জনসভায় হাসান মামুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোনো রাজনৈতিক দল যখন সিদ্ধান্ত নিতে ভুল করে, তখন জনগণের মধ্য থেকে বৃহত্তর ঐক্যের মাধ্যমে নতুন নেতৃত্বের জন্ম হয়। দশমিনা-গলাচিপায় এখন সেই গণজোয়ার তৈরি হয়েছে।
নির্বাচিত হলে এই অঞ্চলের রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন এবং ব্যাপক উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
নির্বাচনে কারচুপি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তিনি বলেন, “আপনারা বিচলিত হবেন না। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন এবং ফলাফল নিয়ে তবেই বাড়ি ফিরবেন।”
নির্বাচনী প্রচারণার শেষ এই জনসভায় দশমিনা ও গলাচিপা উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ওই এলাকার অন্যতম বৃহৎ জনসমাবেশ।
উপস্থিত বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে প্রতিপক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষ সকল বাধা উপেক্ষা করে ব্যালটের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত বলে তারা দাবি করেন।

